হানিফ সংকেতকে স্বাধীনতা পুরস্কার ২০২৬—সংস্কৃতি অঙ্গনে উচ্ছ্বাস
হানিফ সংকেতকে স্বাধীনতা পুরস্কার ২০২৬—সংস্কৃতি অঙ্গনে উচ্ছ্বা
দেশের সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতকে (এ কে এম হানিফ) স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপন জারির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও শুভেচ্ছার বন্যা দেখা যাচ্ছে। সংস্কৃতি অঙ্গনের শিল্পী, নির্মাতা থেকে শুরু করে সাধারণ দর্শক—অনেকেই হানিফ সংকেতের ছবি শেয়ার করে অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের মন্তব্যে স্পষ্ট, দীর্ঘদিন ধরে সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্য স্বাধীনতা পুরস্কারের ঘোষণাকে তাঁরা সময়োপযোগী ও প্রাপ্য স্বীকৃতি হিসেবেই দেখছেন।
তাঁর স্বকীয় উপস্থাপনা, স্পষ্ট উচ্চারণ, ছন্দজ্ঞান এবং পুরো অনুষ্ঠানকে নিজের আয়ত্তে রেখে এগিয়ে নেওয়ার দক্ষতার কারণে অনেকেই তাঁকে ‘কথার জাদুকর’ বলে অভিহিত করেছেন।
সুস্থ বিনোদনের স্বীকৃতি
সাধারণত কোনো পুরস্কার ঘোষণাকে ঘিরে যে উচ্ছ্বাস দেখা যায়, বিনোদন অঙ্গনে হানিফ সংকেতকে ঘিরে এবারের প্রতিক্রিয়া তার চেয়ে ভিন্ন—এ যেন অনেকের কাছে স্বস্তির অনুভূতি। যেন রাষ্ট্র স্বীকৃতি দিল, সুস্থ ও শালীন বিনোদনও একটি জাতির সাংস্কৃতিক মেরুদণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।
নেট দুনিয়ায় অনেকে বলছেন, টেলিভিশনের পর্দা দিয়েও যে সমাজকে ভাবাতে, নাড়া দিতে এবং সচেতন করতে পারা যায়—নান্দনিকতা, রম্যরস ও দায়িত্ববোধের সমন্বয়ে সেই বাস্তবতারই এক অর্থবহ স্বীকৃতি এই সম্মান।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী হানিফ সংকেত
হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার। ‘ইত্যাদি’তে প্রচারিত জেলাভিত্তিক গান—দর্শকের ভাষায় ‘দল’—এর বড় অংশের সুর করেন তিনি। অনেক গানেই কণ্ঠ দেন নিজেই।
টেলিভিশনের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে একই অনুষ্ঠানকে স্থির দর্শকপ্রিয়তায় টিকিয়ে রাখা কেবল নিয়মিত সম্প্রচার বা অভ্যাসের ফল নয়; এর পেছনে আছে দর্শকের আস্থা। আর সেই আস্থার পেছনে আছে একধরনের নৈতিক চুক্তি—পরিবারসহ বসে দেখার মতো নিরাপদ বিনোদন। যেখানে হাসি থাকবে, কিন্তু অশ্লীলতা থাকবে না; ব্যঙ্গ থাকবে, কিন্তু বিদ্বেষ থাকবে না; প্রতিবাদ থাকবে, কিন্তু কুৎসা থাকবে না।



আপনার মতামত লিখুন
Array